মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার পর থেকেই শিরোনামে শরফুদ্দৌলা। তিনি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন। তাঁকে নিয়ে পোস্ট অশ্বিনের।

(বাঁ দিকে) যশস্বী জয়সওয়ালের আউটের সেই মুহূর্ত। (ডান দিকে) রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
রোহিত শর্মা কোনও বিতর্কের পথে না গেলেও তাঁর প্রাক্তন সতীর্থ মজার ছলেই ঠুকলেন শরফুদ্দৌলা সৈকতকে। স্নিকোমিটারের অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশি আম্পায়ারের নাম প্রস্তাব করলেন অশ্বিন।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার পর থেকেই শিরোনামে শরফুদ্দৌলা। তিনি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন। মাঠের আম্পায়ার যশস্বীকে আউট দেননি। শরফুদ্দৌলা রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে। অনেকে বলছেন শরফুদ্দৌলার সিদ্ধান্ত সঠিক। যশস্বী আউট ছিলেন। কিন্তু স্নিকোমিটার যা দেখাচ্ছে, তাতে যশস্বীকে নট আউট দিতে পারতেন আম্পায়ার। সেটা উনি না করায় অনেকেই কটাক্ষ করছেন শরফুদ্দৌলাকে। বাদ গেলেন না অশ্বিনও। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্পিনার সমাজমাধ্যমে শরফুদ্দৌলার একটি ছবি পোস্ট করে লেখেন, “আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা এটাকে কাজে লাগাতে পারে। এই মানুষটিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে স্নিকোমিটার।” সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, “এটা মজা করেই বললাম।”
মেলবোর্ন টেস্টের শেষ দিনে ব্যাট করছিলেন যশস্বী। তিনিই ভারতীয় দলকে টানছিলেন। তরুণ ব্যাটার হঠাৎ আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে ভারত। ৭১তম ওভারে বল করছিলেন প্যাট কামিন্স। তাঁর বল যশস্বীর লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালান ব্যাটার। বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে। কিন্তু মাঠের আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। আউট দেন তৃতীয় আম্পায়ার।
তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, “ভিডিয়োয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।” সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনও প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।


Post a Comment